ডিঙ্গেদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় অবস্থিত একটি হাইওয়ে ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় তিন যুবককে জেল-জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, সকালে জ্বালানি তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনে ভিড় ছিল। এসময় তেল সরবরাহের সিরিয়াল ও সরকারি বিধিনিষেধ অমান্য করাকে কেন্দ্র করে তিন যুবক অন্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পাম্প চত্বরে হাতাহাতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে পাম্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে। সাজাপ্রাপ্তরা হলেন আশরাফুল ইসলাম (২০), মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মারুফ বিল্লাহ (২০), একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। নাঈম ইসলাম (২৯), চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মহল্লার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী। অপরাধের গুরুত্ব বিবেচনায় আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় (সরকারি আদেশ অমান্য) ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় জড়িত নাঈম ইসলামকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকারি আদেশ অমান্য করে এবং জননিরাপত্তা বিঘ্নিত করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে কঠোর তদারকি অব্যাহত থাকবে।
ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলাদায়ে তিন যুবকের জেল-জরিমানা



