মেহেরপুর প্রতিনিধি
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অপরাধে মেহেরপুরের গাংনী বাজারের বজলু মিয়া নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত প্রায় ২০০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।
মেহেরপুরের জাকির ট্রেডার্স থেকে ১১৫ টাকা লিটার দরে ডিজেল কিনেছিলেন বলে দাবি করেন বজলু মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা থেকে গাংনী শহরের কুষ্টিয়া সড়কের বজলু ট্রেডার্স প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। বজলু মিয়া বিপিসির এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন। তবে সরকারি মূল্যের বেশি দামে বিক্রি করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বজলু মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, মেহেরপুর জেলায় প্রতি লিটার ডিজেলের সরকারী দাম ১০১ টাকা লিটার। এই দামে উপস্থিত কৃষকদের মাঝে প্রায় ২০০০ লিটার তেল বিক্রি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে তাকে হুশিয়ার করা হয়েছে।



