স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার জেলার ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৬১টি মামলায় ৩ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ট্রাফিক বিভাগের তথ্যমতে, জেলার ৬টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা শহরের রেলগেট সংলগ্ন কালু হোটেলের সামনে ১০টি মামলায় ৬৮ হাজার টাকা, পৌর ডিগ্রি কলেজ মোড় ১০টি মামলায় ৬০ হাজার টাকা, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সামনে ১১টি মামলায় ৪৫ হাজার টাকা, দর্শনা থানা বাসস্ট্যান্ডের সামনে ১০টি মামলায় ৫৯ হাজার টাকা, জীবননগর বাসস্ট্যান্ডের সামনে ১০টি মামলায় ৪৫ হাজার টাকা ও আলমডাঙ্গা থানা ১০টি মামলায় ৫৫ হাজার টাকাসহ সর্বমোট ৬১ টি মামলায় ৩ লক্ষ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন রেজিস্ট্রেশন বিহীন ৪টি, ড্রাইভিং লাইসেন্স বিহীন ৪০টি, হেলমেট বিহীন ১২টি ও অবৈধ যানবাহন ১টি মামলা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে লাইসেন্স ও হেলমেট ছাড়া যাতায়াতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালকদের ট্রাফিক আইন মেনে এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর টি আই আমিরুল ইসলাম বলেন, জেলাব্যাপী সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাপক হারে অভিযান পরিচালিত হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নানান ত্রুটির কারণে ৬১টি মামলায় ৩ লক্ষ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা ফেরাতে অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান ৬১টি মামলায় ৩ লাখ ৩২ হাজার টাকা জরিমানা



