জীবননগর অফিস
জীবননগর উপজেলা-এ জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টা থেকে উপজেলার তেল পাম্পগুলোতে ‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন, মজুদ নিয়ন্ত্রণ ও অপব্যবহার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ফুয়েল কার্ড প্রদর্শন ছাড়া কোনো মোটরসাইকেল বা সাধারণ গ্রাহককে তেল দেওয়া হচ্ছে না।
এর আগে ২৯ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহারসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ঘোষণা দেন, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল দেওয়া হবে না।
তিনি জানান, ৩০ ও ৩১ মার্চ ফুয়েল কার্ড বিতরণের সময় নির্ধারণ করা হলেও বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় নির্ধারিত সময়ে সব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এ কারণে কার্ড সংগ্রহের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
জেলার চার উপজেলার ২২টি তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম চালু থাকবে। কৃষকদের জন্য ২৪ ঘণ্টা ডিজেল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
সুষ্ঠু তদারকি নিশ্চিত করতে প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে প্রশাসন।
তবে বাস্তব চিত্রে কিছু অসঙ্গতির অভিযোগ উঠেছে। জীবননগরের দু’টি পাম্পে ফুয়েল কার্ড ছাড়াই বাইকারদের তেল নিতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন কার্ডধারীরা। তাদের দাবি, কার্ড থাকা সত্ত্বেও অনেক সময় সিরিয়াল মিলছে না; অথচ কিছু ক্ষেত্রে কার্ড ছাড়াই তেল দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “জেলায় মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় নির্ধারিত সময়ে সবার মধ্যে কার্ড বিতরণ শেষ করা সম্ভব হয়নি। তাই জ্বালানি বিক্রিতে সাময়িকভাবে দুই দিন শিথিলতা রাখা হয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
জীবননগরে পেট্রোল-অকটেন নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক



