দর্শনা অফিস
দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে আপত্তিকর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, শহীদ মিনার ভাষা আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও জাতীয় মর্যাদার প্রতীক। সেখানে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একটি স্থানের অবমাননা নয়, বরং পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক বার্তা বহন করে।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করার সাহস না পায়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপি নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বিএনপি নেতা এনামুল হক শাহ মুকুল, হাবিবুর রহমান বুলেট, ব্রাইট, সাংস্কৃতিক কর্মী সাজ্জাদ হোসেন, রাশেদ মল্লিক, আনোয়ার জোয়ার্দার, শেখ সাজু, শিক্ষক সরূপ কুমার দাসসহ আরও অনেকে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে উপস্থিতরা দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মৌখিকভাবে বিষয়টি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণের কথাও উল্লেখ করেন। এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যাবে।
দর্শনায় শহীদ মিনার অবমাননার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত



