জীবননগর অফিস
জীবননগরে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষানীদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস পালন হয়েছে। জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার বিকালে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোসপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।
এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাটি সুস্থ থাকলে মাটিতে উৎপাদিত ফসল সুস্থ থাকে।আদর্শ মাটি হতে হলে সর্বনিম্ন ৫ ভাগ জৈব উপদান থাকতে হয়। কিন্তু আমাদের জীবননগরের মাটিতে জৈব উপদান ২ ভাগের বেশি পাওয়া যায় না। কিছুকিছু জায়গায় জৈব উপদান ২ ভাগের নিচে নেমে এসেছে। মাটিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। মা সুস্থ থাকলে যেমন তার গর্ভের সন্তান সুস্থ থাকে তেমনি মাটি সুস্থ থাকলে মাটির ফসল ভালো থাকে।
তিনি আরও বলেন, মাটিতে জৈব উপাদান বৃদ্ধি করতে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার বৃদ্ধি করতে হবে। একধরনের উপকারী ছত্রাক ব্যবহার করে এই ট্রাইকো কম্পোস্ট তৈরি করা হয়। এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ও ফসলের ফলন বাড়ায়।
উথলী ইউনিয়ন কৃষক জোটের সভাপতি ভাইভাই কৃষি প্রজেক্টের সত্ত্বাধিকারী কৃষি উদ্দোক্তা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী, সামাউল হোসেন, নুরুজ্জামান, কৃষক জোটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন তুষার সহ অনেকে। মাঠ দিবস অনুষ্ঠানে ৮০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
জীবননগরে ট্রাইকো কম্পোস্ট তৈরিতে কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস



