দর্শনা অফিস
পৈত্রিক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশে দোকান নির্মাণের পর সেই সম্পত্তি দখল নিতে আপন ভাইদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন এক বোন। শুধু দখলচেষ্টাই নয়, দোকানের তালা ভেঙে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আপন বোন মমতাজ বেগম। গতকাল শনিবার বিকালে দর্শনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
মমতাজ বেগম জানান, দক্ষিণ চাঁদপুর মৌজার ৩৯৭ নং খতিয়ানের ৫৫৮০ নং দাগে ঘুঘুডাঙ্গায় অবস্থিত পৈত্রিক জমির তিনি ও তার ভাইয়েরা বৈধ ওয়ারিশ। প্রায় এক বছর আগে ওয়ারিশদের সম্মতিতে সেনাক্যাম্পে বৈঠকের মাধ্যমে স্ট্যাম্পে স্বাক্ষর করে জমির অবস্থান ও হিস্যা নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি ও তার ভাই মিজানুর রহমান নিজেদের অংশে একটি পাকা দোকান নির্মাণ করেন। নির্মাণকালে কোনো পক্ষ থেকেই আপত্তি তোলা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। কন্তু দোকান নির্মাণ শেষ হওয়ার পরই তার আপন দুই ভাই সাজেদুর রহমান বাবু ও সাইফুর রহমান রোকন জোরপূর্বক দোকানের দখল নেওয়ার চেষ্টা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে পরবর্তীতে সামাজিক সমাধানের লক্ষ্যে দর্শনা থানায় একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাকে অশালীন আচরণের শিকার হতে হয় এবং একপর্যায়ে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
তিনি আরও জানান, নতুন ব্যবসা শুরু করার জন্য দোকানে প্রায় ১০ লক্ষ টাকার ইলেকট্রনিক পণ্য মজুদ করা হয়। কিন্তু গত ২২ মার্চ ২০২৬ তারিখ ভোরে কয়েকজন সহযোগীতা নিয়ে দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানে নতুন তালা লাগিয়ে দেয়। মমতাজ বেগমের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়া ও কু-পরামর্শ রয়েছে, যার কারণে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একজন নারী হিসেবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচার পাওয়া নিয়েও শঙ্কিত।
সংবাদ সম্মেলনে ঢাকা পল্টন থানার শান্তিনগরে বসবাসকারী দর্শনা কলেজ পাড়ার মৃত দ্বীন মোহাম্মদের কন্যা মোছাঃ মমতাজ বেগম প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
দর্শনায় ভাইদের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ তুলে বোনের সংবাদ সম্মেলন



