গণহত্যা দিবসে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা।
আলোচনা সভায় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্কফা গাজী, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, সেই ভয়াল রাত বাঙ্গালী জাতির ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।