স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছাত্রপাড়া গ্রামে ঈদের দিন স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুরের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দুপুর দেড়টার দিকে ছত্রপাড়ার মৃত ইংরেজ কাজির ছেলে নাজিম কাজি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ভিন্নমত দেখা গেছে। কেউ বলছেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে এলাকাবাসীর একাংশের দাবি, নাতিকে রক্ষা করতে গিয়ে ধাক্কা খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।
এ ঘটনায় কুবির কাজি গ্রুপের কয়েকজন আহত হন, আহতদের মধ্যে ছত্রপাড়ার মৃত আফিল উদ্দিনের ছেলে কুবির কাজি ও নাবু কাজির ছেলে শিমুল কাজির অবস্থা গুরুতর ছিল। শিমুল কাজিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ বিএনপির জাহাঙ্গীর গ্রুপ স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি লাল খাঁ এবং আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। ভোট নিয়ে পূর্ব বিরোধের ধারাবাহিকতায় ঈদের দিন এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অপরদিকে ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে ছত্রপাড়া মসজিদের সামনে থেকে শনিবার দুপুর ১২ টার সময় সংঘর্ষের ঘটনায় জামায়াত ও আওয়ামীলীগের কয়েকজন আহত হন।



