সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ সাহাপুরে মানবতার তরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে সাহাপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাহাপুর মানবতার তরী স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানো, দরিদ্র মানুষের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। তরুণদের এমন মানবিক কাজে সম্পৃক্ততা গর্বের বিষয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি সংগঠনটির সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, চুয়াডাঙ্গার ডা. সাজিদ হাসান শোভন। এছাড়া উপস্থিত ছিলেন জনতা ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহকারী ক্যাশিয়ার আলমগীর হোসেন, প্রচার সম্পাদক কাছেদ আলী, সহকারী প্রচার সম্পাদক রিয়াজুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতার তরী সংগঠনের ক্যাশিয়ার সোহেল রানা।
সরোজগঞ্জ সাহাপুরে মানবতার তরীর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ



