আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পান্না ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। গভীর রাতে অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের এ পদক্ষেপ স্থানীয়দের কাছে দায়িত্বশীলতা ও সাহসিকতার পরিচয় হিসেবে বিবেচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তার এই উদ্যোগের প্রশংসা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার জানান, বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বেশি দামে জ্বালানি বিক্রির অপরাধে হাটবোয়ালিয়ায় পান্না ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা



