আলমডাঙ্গায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সেলিম চেয়ারম্যান

আলমডাঙ্গা অফিস
পবিত্র ঈদকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় ৭ হাজার দুস্থ, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আসিরুল ইসলাম সেলিম। গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই ও চিনি, যা ঈদের আনন্দ ভাগাভাগি করার অংশ হিসেবে অসচ্ছল মানুষের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে আসিরুল ইসলাম সেলিম বলেন, দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করে আসছি উপজেলার প্রতিটি গ্রামের দুস্থ ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। যতদিন বেঁচে থাকব, ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে। উপহার নিতে আসা অনেকেই জানান, প্রতিবছর ঈদ উপলক্ষে সেলিম চেয়ারম্যান তাদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করে আসছেন। এতে তারা আনন্দিত এবং তার জন্য দোয়া করেছেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজের অসচ্ছল মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।