চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতারভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরিষাডাঙ্গা এলাকার মুনছুর আলীর ছেলে আরিফ হাসান (৩৫) এবং আলমডাঙ্গা উপজেলার ভোলারদারী গ্রামের মুক্তার আলীর ছেলে মিলন আলী (২৩) কে গ্রেফতার করা হয়। এসময় অভিযানকালে আরিফ হাসানের কাছ থেকে ৫ পিস এবং মিলন আলীর কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয় আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।