জীবননগর সীমান্তে কোটি টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ

জীবননগর অফিস
জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গত শনিবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান তৎপরতার গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের রাসেলের পুকুরের পাশের একটি স্থানে সন্দেহজনক অবস্থায় ফেলে রাখা মালামাল উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে আসামীবিহীন অবস্থায় ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করা হয়। উদ্ধার করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৯৫ লাখ ৪১ হাজার টাকা।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধার করা মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।