হাসান নিলয়, জীবননগর
সুগন্ধি ফুল হিসেবে রজনীগন্ধার সুনাম দীর্ঘদিনের। রাতে ফুটে মনোমুগ্ধকর সুবাস ছড়ানোর কারণে এ ফুলের নামকরণ করা হয়েছে রজনীগন্ধা। বর্তমানে এই ফুল একটি সম্ভাবনাময় ও লাভজনক কৃষিপণ্য হিসেবে পরিচিতি পাচ্ছে। জীবননগর উপজেলায় রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক।
রজনীগন্ধা ফুল দীর্ঘ সময় ধরে সৌরভ ছড়ায়। ফলে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়সহ নানা অনুষ্ঠানে এই ফুলের ব্যাপক ব্যবহার রয়েছে। এজন্য বাজারে এর চাহিদাও বেশ বেশি।
জীবননগর উপজেলার উথলী এলাকায় ৫ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে রজনীগন্ধা ফুল চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা আক্তারুজ্জামান যুদ্ধ। সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাগানজুড়ে ফুটে থাকা সাদা রজনীগন্ধা ফুলে চারপাশ যেন সাদা চাদরে মোড়া। ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে পুরো এলাকা।
ফুলগাছের পরিচর্যা ও দেখাশোনার দায়িত্বে থাকা মহর আলী জানান, রজনীগন্ধা চাষে খরচ তুলনামূলক কম। এতে খুব বেশি সার বা কীটনাশক প্রয়োগ করতে হয় না। একবার রোপণ করলে সারা বছরই ফুল পাওয়া যায়। রজনীগন্ধার স্টিক কেটে নেওয়ার পর সেখান থেকেই আবার নতুন স্টিক গজায়।
তিনি আরও জানান, প্রায় দেড় লাখ টাকা খরচ করে মাত্র ছয় মাসে চার লাখ টাকার বেশি ফুল বিক্রি করা হয়েছে। এই বিক্রি সারা বছরই চলবে। প্রথমদিকে স্টিক তুলে বিক্রি করা হয়েছে। বর্তমানে ঝরা ফুল বা পাপড়ি সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে, যা স্টিকের চেয়ে বেশি লাভজনক। শুরুতে প্রতিটি স্টিক ১৫ থেকে ১৮ টাকা দরে বিক্রি হয়েছে এবং ঝরা ফুল ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। তবে রমজান মাসে ফুলের চাহিদা ও দাম কিছুটা কমে যাওয়ায় বর্তমানে ফুল তোলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঈদের পর আবার ফুল সংগ্রহ শুরু হবে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, রজনীগন্ধা ফুল চাষে উৎপাদন খরচ কম হলেও লাভের পরিমাণ বেশি। এ ফুল সারা বছরই বাজারে বিক্রি করা যায়। অনেকে বাসাবাড়ি ও অফিসে সুগন্ধ ছড়ানোর জন্য ফুলের স্টিক সংরক্ষণ করে রাখেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, মালা, পুষ্পস্তবক, বেনী ও বাসরঘর সাজাতেও রজনীগন্ধার ব্যাপক ব্যবহার রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে জীবননগর উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে রজনীগন্ধা, গাঁদা, গোলাপ ও চন্দ্রমল্লিকা ফুলের চাষ হচ্ছে। ভবিষ্যতে ফুলচাষ আরও সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
জীবননগরে রজনীগন্ধা চাষে সাফল্যকম খরচে বেশি লাভ, ফুলচাষে আগ্রহ বাড়ছে কৃষকদের



