আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকায় এক কলা বিক্রেতার নগদ টাকা চুরির অভিযোগে বাবা ও ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বাদী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম (৬৪)। তিনি পাখিভ্যানে করে বিভিন্ন এলাকায় ঘুরে কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার এ আর কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার পাশে ভ্যানে করে কলা বিক্রি করছিলেন মিনারুল ইসলাম। এ সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার স্বরুপকাঠি চকপাড়ার বাসিন্দা আলাউদ্দিন ওরফে আলাল (৫৩) ও তার ছেলে শাকিব (২৩) সেখানে আসে।
অভিযোগে বলা হয়, আলাউদ্দিন কলা কেনার কথা বলে মিনারুল ইসলামকে কথায় ব্যস্ত রাখেন। এ সুযোগে তার ছেলে শাকিব ভ্যানের হ্যান্ডেলে ঝোলানো প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে কলা বিক্রির নগদ ১ হাজার ৫১০ টাকা চুরি করে নেয়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মিনারুল ইসলাম অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।
আলমডাঙ্গায় কলা বিক্রেতার টাকা চুরির অভিযোগে বাবা-ছেলে আটক



