সুবদিয়ায় সোলার প্যানেল ভাঙচুরের অভিযোগ

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া খোসপোলের মাঠে স্থাপিত সোলার প্যানেল ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে কোনো এক সময় সুবদিয়া গ্রামের সলিমুল্লাহর ছেলে আলী মুদ্দীনের সেচ প্রকল্পে ব্যবহৃত সোলার প্যানেলগুলোতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। গতকাল শনিবার সকালে স্থানীয় কৃষক ও এলাকাবাসী মাঠে গিয়ে কয়েকটি সোলার প্যানেল ভাঙা অবস্থায় দেখতে পান। এতে সোলার সেচ ব্যবস্থার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত আলী মুদ্দীন জানান, তার স্থাপিত ১০টি সোলার প্যানেল ভাঙচুর করে কিছু অংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এলাকাবাসীর ধারণা, পরিকল্পিতভাবে এ ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।