আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গার ঐতিহাসিক দারুস সালাম ময়দানে এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মোঃ ুহুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা জামায়াতের অন্যতম সদস্য অ্যাড. মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, আইন-আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, পৌর আমির মাহের আলী, জেলা জামায়াত নেতা কাইয়ুম উদ্দিন হিরোকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। সভার শুরুতে পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গার মানুষের মৌলিক চাহিদা পূরণে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, রমজানের সিয়াম শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতার এক মহান প্রশিক্ষণ। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে শেখায়। আলোচনা শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ
কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।



