স্টাফ রিপোর্টার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইবি ক্লাব চুয়াডাঙ্গার উদ্যোগে ইফতার মাহফিল ও চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা শহরের শাহিদ প্যালেসে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, চুয়াডাঙ্গার উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি ইবি ক্লাব চুয়াডাঙ্গার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আধুনিক ও উন্নত চুয়াডাঙ্গা গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি ক্লাব চুয়াডাঙ্গার সভাপতি মহসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল ওয়াদুদ, ড. মুন্সি আবু সাইফ, বিলাল হুসাইন, মামুন হাওলাদার, অ্যাডভোকেট আফজাল হোসেন, ইবি ক্লাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন লাভলু, হামিদুল ইসলাম, রুহুল আমিন, জাহেদ আনসারী, মো. আরিফুল ইসলাম হাওলাদার, ফারজানা ইয়াসমিন, খন্দকার নুসরাত জাহান করবী এবং ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ ইবি ক্লাবের সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইবি ক্লাব চুয়াডাঙ্গার উদ্যোগে ইফতার মাহফিল ও এমপি মাসুদ পারভেজ রাসেলকে সংবর্ধনা



