স্টাফ রিপোর্টার
প্রান্তিক কৃষকদের ধান কাটার সুবিধার্থে এবং কৃষিতে যান্ত্রিকীরণে উদ্ভুদ্ধ করতে কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষন বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় “প্রান্তিক কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন বিতরণ” কর্মসূচীর আওতায় ১০জন উপকারভোগী কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষন বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসো’র নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রন্তিক দরিদ্র মানুষের আর্থসামাজিক অবস্থা উন্ন্য়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার আপনাদের ১০ জনকে বিনামূল্যে ৫ ধরনের ব্লেডসহ ১০টি ধান কাটার হ্যান্ড রিপার মেশিন প্রদান করা হবে। মেশিনগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করে আপনাদের নিজের কৃষি কাজের পাশাপাশি অন্যের জমিতে কাজ করে আয় করতে পারেন সেজন্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আশাকরি এই মেশিনগুলো যত্ন সহকারে ব্যবহার করলে আপনাদের ভাগ্য উন্ন্য়নে সহায়ক হবে।
প্রশিক্ষণে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিচিতি, প্রকল্পের প্রত্যাশিত ফলাফল, ধান কাটার হ্যান্ড রিপার মেশিন সেটিং ও পরিচালনাসহ কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি, কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের সতর্কতা, নিরাপত্তা, পুষ্টি, পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ধারনা প্রদান করা হয়। সহায়ক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মো: দারুল ইসলাম। ধান কাটার হ্যান্ড রিপার মেশিন সেটিং, পরিচালনা ও রক্ষণাবেক্ষন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ম্যাকানিক জাহাঙ্গীর আলম।
শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে শ্রান্তিক কৃষকদের ধান কাটার হ্যান্ড রিপার মেশিন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ



