মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলা শহরে লাঠি সোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভকারী জামাত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার সময় গাংনী শহরে এক বিক্ষোভ মিছিল শেষে বাস স্ট্যান্ডে আয়োজিত সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। একই সাথে জামায়াতের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাদের সম্পর্কে দেওয়া কুরুচিপূর্ণ স্লোগান প্রত্যাহারের দাবি জানান তিনি। এদিন দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা চলছিল। সভাস্থলে গিয়ে জামায়াত নেতা ও কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ তুলে তাকে সভা থেকে বের করে দেওয়ার দাবি করেন বিএনপির এক অংশের নেতাকর্মীরা। এই নিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয়। শেষ পর্যন্ত সেনাবাহিনীর অ্যাকশনে ছত্রভঙ্গ করা হয়। বিশৃঙ্খল ঘটনার জন্য উপস্থিত সভায় ক্ষমা প্রার্থনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
এদিকে সভা শেষে বিকেল চারটার দিকে গাংনী শহরে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন জামায়াত শিবির নেতাকর্মীরা। নেতাদের উপর হামলার অভিযোগ তুলে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলুর বিরুদ্ধে অশালীন স্লোগান দেয় জামাত-শিবিরের নেতাকর্মীরা। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় পাল্টা বিক্ষোভ মিছিল করেন আসাদুজ্জামান বাবলুর সমর্থক বিএনপি নেতাকর্মীরা। দুপুরের ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস।
গাংনীতে লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারী জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তারে আল্টিমেটাম বিএনপির



