গড়াইটুপির চিত্রানদীতে বিষ প্রয়োগ করে হাঁস মেরে ফেলার অভিযোগ

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নের চিত্রানদীর খাড়াগোদা ব্রিজের কাছে বাঁধ দিয়ে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। নদীতে বিষ প্রয়োগ করে  এক খামারীর বেশকিছু হাঁস মেরে দেয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় গতকাল বুধবার দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আলম হোসেন।
ঘটনা সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের কয়েকজন চিত্রা নদীতে ব্রিজের নিকটে একপাশে বাঁধ দিয়ে মাছ ধরে।পরে ব্রিজের অপরপাশে আবারো বাঁধ দিয়ে মাছ ধরার জন্য বাঁধ দেয়। তার পাশে খাড়াগোদা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আলম হোসেন নেট দিয়ে তার খামারের হাঁস চরাতেন। গত পরশুদিন রাতে অপরপাশে মাছ ধরার ওই লোকদের আলম নিষেধ করলেও তারা না শুনে মারমুখী আচরণ করেন। গতকাল নদীতে ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করলে আলম হোসেন নামের ওই গরীব উদ্যেক্তার প্রায় দু শ হাসের মধ্যে আনুমানিক ১৫টি হাঁস মারা যায়।এতে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী আলম হোসেন।
তিনি বলেন, কোথাও পানি না পাবার কারনে নদীর একটুখানি জায়গায় নেট দিয়ে আমি হাঁস চরাই। কিন্তু কি রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদদে কিছু লোক নদীতে বিষ ট্যাবলেট দেয়।ট্যাবলেট দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়নি।আমার বেশকিছু হাঁস মেরে ফেলেছে।বাদ বাকি হাসের কি হবে তার কোন ঠিক নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে ওই ঘটনায় বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে জানালে আগে তারা কোন ব্যবস্থা নেইনি। গতকাল বুধবার দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আলম হোসেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।