আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নে অবস্থিত মুন্সিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন নাহিদা নারী উন্নয়ন সংস্থার কর্ণধার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার কর্মী নাহিদা। গতকাল বুধবার পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে নাহিদা শিশুদের পাশে বসে ইফতার করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক ও নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক খাইরুল ইসলাম এবং সংগঠনের কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম।
রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন আলী এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি শাহিন হোসেন। এছাড়া মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সবার সুস্বাস্থ্য প্রত্যাশা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নাহিদা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তিনি জানান, শিশুদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নিতে পেরে তিনি অত্যন্ত তৃপ্ত। ভবিষ্যতেও অসহায় ও পিছিয়ে পড়া মানুষের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মুন্সিগঞ্জে এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত



