স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নির্বাচন পরবর্তী কুশল বিনিময়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
দুপুরে তিনি হারদী ইউনিয়ন-এর ওসমানপুর, প্রাগপুর, লক্ষীপুর ও কেশবপুর গ্রাম পরিদর্শন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তাঁর কাছে তুলে ধরেন।
পরে বিকেলের দিকে তিনি ভাংবাড়িয়া ইউনিয়ন-এর বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। সেখানে জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার চলমান ও সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই তিনি নিয়মিতভাবে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করছেন।
নির্বাচন পরবর্তী কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল



