স্টাফ রিপোর্টার
ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় জেলা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম। সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান আলিম সরদার। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ফাইম ফয়সাল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি হাসানুজ্জামান রনি ও সাবেক জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক বিপ্লবের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান কেবল সংযমের মাস নয়; এটি ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের এক মহাসুযোগ। যুবসমাজ যদি কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালিত করে, তাহলে দুর্নীতি, মাদক, সামাজিক অবক্ষয় ও নৈতিক স্খলন থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে যুবকদেরকে আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সুসংগঠিত হতে হবে এবং দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করার আহ্বান জানান এবং প্রত্যেক কর্মীকে ব্যক্তিগত আমল-আখলাক উন্নত করার পাশাপাশি দাওয়াতি কাজ জোরদার করার তাগিদ দেন।
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শাখা ও থানা শাখার দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল



