দর্শনায় মোবাইল কোর্টের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

দর্শনা অফিস
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গার দর্শনা রেল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।গতকাল  বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাজারের বিভিন্ন দোকান ও আশপাশের এলাকা তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশফাকুর রহমান এবং আবদুল্লাহ আল নাঈম। এ সময় কয়েকটি দোকানে মূল্যতালিকা না টাঙানো এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনিয়মের প্রমাণ পাওয়ায় মাস্টার ফাস্ট ফুড কর্নারকে ২ হাজার টাকা, মনির মুরগির দোকানকে ১ হাজার টাকা এবং মো. জয়নাল মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি পৃথক মামলায় মোট ৪ হাজার টাকা আদায় করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় আরও প্রায় ১০টি দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের দোকানে স্পষ্টভাবে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচার বিষয়ে সচেতন করা হয়। দোকান মালিক সমিতির নেতাদেরও সতর্ক করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশফাকুর রহমান জানান, রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।