আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় এ জন্য সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের পরে চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এর সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।