সরোজগঞ্জে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা  থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় আশাদুজ্জামানের প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস বীজ কেন্দ্রকে ১৫ হাজার টাকা এবং চাঁন মিয়ার প্রতিষ্ঠান মেসার্স সিয়াম ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বাজারের বিভিন্ন হোটেল, ফলের দোকান, ফার্মেসি ও মুদি দোকান তদারকি করা হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নীপা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।