জীবননগর অফিস
আটকের পর অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় ইউএনও বলেন, মাদকসহ অন্যান্য অবৈধ যেসব পণ্য পাচার হয় সেগুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়ে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জব্দকৃত মাদকদ্রব্য যেন যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ ও নিষ্পত্তি করা হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া মাত্র উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করেন। মোবাইল কোর্টের মাধ্যমে যেসব অপরাধ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো জেল জরিমানা প্রদান করে নিষ্পত্তি করা হচ্ছে। তিনি উপস্থিত সকলকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, তথ্য পেলে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় এসব অপরাধ নিয়ন্ত্রণে আনা যাবে। সভায় জীবননগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেহা সুলতানা প্রমুখ।
জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



