চুয়াডাঙ্গার দশমাইলে ইফতার মাহফিলে এমপি মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল এলাকায় অবস্থিত বাকি বিল্লাহ সিনিয়র কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে মাসুদ পারভেজ রাসেল বলেছেন, তিনি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।
গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা মাহমুদুল হাসান ফুয়াদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহর আলী মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রাসেল বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস। ব্যক্তি ও সমাজকে শুদ্ধ করার এই মাসে আমরা মানবিক মূল্যবোধ চর্চা করি। আমি শুধু জামায়াতে ইসলামীর এমপি নই—আমি সকল মানুষের সংসদ সদস্য। আমি সবার জন্য কাজ করতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ত্যাগ ও সহযোগিতার মূল্য দেওয়া সম্ভব নয়, তবে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় চুয়াডাঙ্গাকে জবাবদিহিমূলক ও আদর্শ জেলায় পরিণত করা হবে। আগামী পাঁচ বছর সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মাদক নির্মূল, চাঁদাবাজি বন্ধ এবং সামাজিক অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজমুক্ত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে। সরকারি অফিসে দুর্নীতি ও হয়রানি বরদাস্ত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক বিভেদ ভুলে দলমত নির্বিশেষে মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত ও যেকোনো জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আমির মাওলানা বিলাল হুসাইন, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি হাফেজ আমিরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের মল্লিক, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মো. শাহেনউজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ছানোয়ার হোসাইন, অফিস সম্পাদক আশির উদ্দীন, আইটি ও প্রচার সম্পাদক মো. মামুন হাওলাদার ও ডা. আহমেদ মনিরসহ নেতৃবৃন্দ।
গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।