মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে তাসিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসিম রাজাপুর গুচ্ছগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাসিম ও তার দুই বন্ধু বাড়ির পাশের একটি পুকুরে খেলতে নামে। খেলার একপর্যায়ে তিনজনই পুকুরে থাকা একটি নাদাতে চড়ার চেষ্টা করে। এ সময় দুইজন পুকুরপাড়ে উঠে আসতে পারলেও তাসিম পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা দুই বন্ধু পুকুরে সার দিতে আসা এক ব্যক্তিকে বিষয়টি জানালে তিনি পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাসিমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু তাসিমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি গভীর শোকাহত।
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



