জীবননগর অফিস
জীবননগর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর চারটি মামলায় ৪ হাজার টাকা এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় আরও একটি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম রাসেল ও জীবননগর থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও একাধিক দোকানে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানায় প্রশাসন।
জীবননগরে বিভিন্ন অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা



