চুয়াডাঙ্গায় ১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
দীর্ঘ ১৬ বছর পর সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  চুয়াডাঙ্গার চারটি উপজেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা কেন্দ্র হিসেবে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষাতে অংশগ্রহণ করে। তবে ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অনেক রুমে ছিলো আলোর স্বল্পতা। টেবিল ও বেঞ্চ ছিলো ধুলার স্তুপে ভরপুর। এসব কারনে অনেকে শিক্ষার্থী  পরীক্ষা দিতে অসুবিধার সম্মুখীন হয়েছে। এতে  অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর গতকাল রবিবার থেকে শুরু হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। এবছর ৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী গতকালই শুরু হয়েছে বাংলা পরীক্ষা। এরপর আজ সোমবার ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
সরেজমিনে কেন্দ্র প্রদর্শন করে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কেন্দ্র হিসেবে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩২৩ জন ছেলে ও ৪৬৮ জন মেয়ে  মোট ৭৯১ জন অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী এতে রেজিস্ট্রেশন করে। পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩০৫ জন ছেলে ও ৪৪০ জন মেয়ে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৬ জন শিক্ষার্থী।
ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা বলেন, সুষ্ঠু পরিবেশে এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এসকল পরীক্ষার মাধ্যমে আমাদের মেধাবী শিক্ষার্থীরা উন্নতির শেখরে পৌঁছাতে পারে। বৃত্তি পরীক্ষা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে। যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
পরীক্ষা চলাকালীন ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়  কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা ও সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। তারা প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।
রুমে আলোর স্বল্পতা ও বেঞ্চের অপরিষ্কার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এবিষয়টি তিনি দেখবেন এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।