জমকালো আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘উর্বর মাটি, অক্ষরের মিনার: শব্দের মিছিলে জাগুক প্রাণের অঙ্গীকার’—এই হৃদয়গ্রাহী প্রতিপাদ্যে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের পর্দা ওঠে। কবিতা আবৃত্তি, গান, সংগীতানুষ্ঠান, নাচ, ছোটগল্প ও ছড়ার আড্ডায় সকাল থেকে বিকেল অব্দি মুখরিত ছিল শহরের ঐতিহ্যবাহী এই প্রাঙ্গণ, যা রূপ নেয় জেলার কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। অন্যদিকে সাহিত্য পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। পতাকা উত্তোলন শেষে অতিথিদের আসন গ্রহণ, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মেহেরাব্বিন সানভী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ শুভেচ্ছা বক্তব্যে সাহিত্য পরিষদের দীর্ঘ পথচলার প্রশংসা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “সাহিত্য ও সংস্কৃতি একটি সমাজের দর্পণ; আর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ দীর্ঘ ৪৯ বছর ধরে সেই দর্পণকে স্বচ্ছ ও উজ্জ্বল রেখেছে। সীমান্তের এই জনপদে লোকজ ঐতিহ্য, ইতিহাস ও আধুনিক চিন্তার সেতুবন্ধন রচনায় এ পরিষদ যে ভূমিকা পালন করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। আজকের এই অস্থির ও যান্ত্রিক সময়ে মানুষের মননশীলতা, মানবিকতা ও শুভবোধ জাগ্রত রাখতে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও বিচ্ছিন্নতা থেকে দূরে রেখে পাঠমুখী ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ‘উর্বর মাটি, অক্ষরের মিনার’—এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, আমাদের মাটির উর্বরতা যেমন ফসল ফলায়, তেমনি চিন্তার উর্বরতা গড়ে তোলে আলোকিত সমাজ। চুয়াডাঙ্গার সাহিত্য ও সংস্কৃতির বিকাশে জেলা পরিষদ অতীতের মতো ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেনের সভাপতিত্বে জমে ওঠে কবিতা আবৃত্তি, নাচ, গান, ছোটগল্প ও ছড়ার আড্ডা। ছন্দ, সুর আর কথামালায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন স্থানীয় কবি ও শিল্পীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আকর্ষণ হিসেবে এদিন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাময়িকী ‘পদধ্বনি’-এর বিশেষ সংকলনের মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উন্মোচন ও দিনব্যাপী এই আয়োজনে প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা এবং পরিষদের আজীবন সদস্য কাজল মাহমুদ, গোলাম কবির মুকুল, হোসেন মোহাম্মদ ফারুক, হুমায়ন কবির, আবু নাসিফ খলিল, মিম্মা সুলতানা মিতা, আহাদ আলী মোল্লা, জহির রায়হানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।