পাঁচকমলাপুর গ্রামে ‘হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিজ হাতে খাওয়ালেন সাহিদুজ্জামান টরিক

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের এক নিভৃতচারী স্বপ্নদ্রষ্টা হাজী শামসুজ্জোহা বিশ্বাস ও তাঁর সহধর্মিণী সাহিদা বেগম। গতকাল বুধবার দুপুরে জোহরের নামাজের পর সেই কবরের পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁদের সুযোগ্য সন্তান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মো. সাহিদুজ্জামান টরিক। সঙ্গে ছিল তাঁর দুই কিশোর পুত্র শেহজাদ সাহেদ ও শেহরান সাহেদ। পিতা-মাতার কবরের সামনে দাঁড়িয়ে শৈশবের সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই সফল ব্যবসায়ী। অশ্রুসিক্ত নয়নে তিনি নিজেই প্রিয় বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট এবং এআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পরিচয় ছাপিয়ে মো. সাহিদুজ্জামান টরিক তখন কেবলই একজন মমতাময়ী অভিভাবক। আলমডাঙ্গার পাঁচকমলাপুরে অবস্থিত ‘হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা’র শত শত কোমলমতি শিক্ষার্থীর পাতে তিনি নিজ হাতে দুপুরের খাবার তুলে দেন। বাবার এই মহৎ কাজে হাত লাগায় তাঁর দুই সন্তান শেহজাদ ও শেহরানও। পিতা ও দুই পুত্রের এই আন্তরিকতায় মুগ্ধ হন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন।

একটি স্বপ্নের বীজ যেভাবে মহীরুহ হয়ে উঠল, তার পেছনে রয়েছে এক অনন্য পারিবারিক ত্যাগের গল্প। ২০০১ সালে সুন্দর ও পরিচ্ছন্ন দ্বীনি শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ এবং দৈনিক সময়ের সমীকরণের প্রকাশক-সম্পাদক শরীফুজ্জামান শরীফের পিতা মরহুম শামসুজ্জোহা বিশ্বাস এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন। পাঁচকমলাপুর গ্রামে মাত্র ১৩ জন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে একটি সাধারণ চালাঘরে ‘পাঁচকমলাপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা’ নামে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানের।

২০১০ সালে স্বপ্নদ্রষ্টা হাজী শামসুজ্জোহা বিশ্বাসের মৃত্যুর পর পিতার রেখে যাওয়া সেই আমানত ও মাদ্রাসা পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন মো. সাহিদুজ্জামান টরিক। পিতার লালিত স্বপ্নকে নিজের মেধা, শ্রম, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মাদ্রাসাটির আর্থিক স্বনির্ভরতা ও সুষ্ঠু পরিচালনার জন্য তিনি চুয়াডাঙ্গায় গড়ে তুলেছেন তিন তারকা মানের ‘হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টার’। অভিজাত এই প্রতিষ্ঠানটি থেকে অর্জিত সম্পূর্ণ লভ্যাংশ ব্যয় করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণে। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে এই মাদ্রাসায় চালু করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে লিল্লাহ বোর্ডিং ব্যবস্থা। এর ফলে বর্তমানে মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকের জন্য তিন বেলা খাবার নিশ্চিত করা হচ্ছে।

গতকালের এই আবেগঘন ও মানবিক আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা জেলা প্রতিনিধি রফিক রহমান, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, মাদ্রাসার মোহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল কাদের খানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।