জীবননগরে মাদকবিরোধী অভিযানে কোডিনযুক্ত সিরাপসহ স্বামী গ্রেপ্তার, স্ত্রী পলাতক

জীবননগর অফিস :
জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত ‘উইন্সেরেক্স’ (ডরহপবৎবী) সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মোঃ চান্দু মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্ত্রী মোছাঃ আশানুর খাতুন (সুমি) পলাতক রয়েছেন। গত শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার চান্দু মিয়া গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ও মৃত মাহিরন নেছার ছেলে। পলাতক আশানুর খাতুন (সুমি) তার স্ত্রী এবং মৃত খেদমত আলীর মেয়ে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চান্দু মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে মেঝেতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৯ বোতল কোডিন ফসফেটযুক্ত উইন্সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।


চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামি আশানুর খাতুনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ সিরাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।