চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্ক এলাকার নদী থেকে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে ভর্তি রাখা হয়েছে, বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত।

উদ্ধার হওয়া শিশুটির নাম আরওয়া মাহমুদ (৫)। সে পৌর শহরের পলাশপাড়ার মাহমুদ হাসানের মেয়ে। শিশুটির মা ফারহানা বিথী চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনের এআর মালিক ইংলিশ মিডিয়াম অ্যান্ড স্কুলের শিক্ষিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাথাভাঙ্গা নদীর পাড়ের পুলিশ পার্ক এলাকায় ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন। এ সময় তাঁরা নদীর স্রোতে একটি শিশুর দেহ ভেসে যেতে দেখেন। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা।

শিশুটির মা ফারহানা বিথী জানান, সকালে তিনি স্কুলে ক্লাস নিচ্ছিলেন। তাঁর সন্তান অত্যন্ত চঞ্চল। কখন সে নদীর পাড়ে চলে গেছে, তা তিনি বুঝতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শিশুটিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির স্পন্দন পাওয়া যায়। পরে জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা শঙ্কামুক্ত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।