আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি-আলোচনা সভা

খন্দকার শাহ আলম মন্টু:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে শনিবার বিকেল ৩টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানাপাড়া কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে কমিউনিটি সেন্টারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী জননেতা শেখ সাইফুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে শেখ সাইফুল ইসলাম বলেন ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনা ও দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ মো. আবু মুসা মিয়া, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ সেতাব আলী, সুন্নত আলী, হাসানুজ্জামান, মহিউদ্দিন, ইউনুস আলী, রমজান আলী, সিরাজুল ইসলাম, মনোয়ার হোসেন মেন্টু, ডা. রশিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বকুল।


উপজেলা বিএনপি নেতা মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম, মহাবুল মেম্বার, আবু তায়েব বাবু, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন ও বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।