চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগে অফিস সহায়ক গ্রেফতার মামলা দায়ের, জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বিদ্যালয়ের অফিস সহায়ক মো. শাহজামাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়। ব্যক্তিগত কম্পিউটার পরীক্ষা করে প্রাক্তন প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে নিয়োগ, শিক্ষার্থী ভর্তি এবং শিফট পরিবর্তন সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠে এসেছে শাহজামালের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম বাদী হয়ে অফিস সহায়ক মো. শাহজামাল শেখকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।

গত ২৬ অক্টোবর চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে গঠিত ওই কমিটিকে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে তদন্ত শুরু করে। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে বিতর্কের পাশাপাশি নিয়োগ ও ভর্তি কার্যক্রমেও অনিয়মের অভিযোগ ওঠায় বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যালয়ের অফিস সহায়ক শাহজামালের ব্যক্তিগত কম্পিউটার জব্দ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যান।

চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান বলেন, ‘প্রতারণা ও জালজালিয়াতির অভিযোগে শাহজামালকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের সোর্পদ করা হয়েছে। আদালত থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।