স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে একটি মামলার এজাহারনামীয় আসামি এনামুল হোসেন (৩৭) গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরীয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এনামুল হোসেনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার এনামুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, এনামুল হোসেন চুয়াডাঙ্গা সদর থানার ১৯ আগস্ট ২০২৪ তারিখের এফআইআর নং-১৩ এবং জিআর নং-১৭০/২৪ মামলার এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/১১৪/৩০৭/৪২৭ ধারাসহ বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮-এর ৩ ও ৬ ধারায় মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



