জীবননগর অফিস :
জীবননগর পৌরসভায় বিসিআইসি সার ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ এনে পুনরায় তদন্তের দাবি জানিয়ে আবেদন করেছেন আবু সাঈদ বাবুল নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ী। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি লুৎফুন নাহার এর নিকট আবেদন পত্রটি জমা দেন।
আবেদন পত্রে বলা হয়, জীবননগর পৌরসভার কালীগঞ্জ রোডে মেসার্স বাবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ বাবুল দীর্ঘ দুই যুগ ধরে সুনামের সাথে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছে। এর আগে ২০১৭ ও ২০২৪ সালে সার ডিলারের জন্য আবেদন করেন তিনি। সেই আবেদনের প্রে-অর্ডার দুটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে। সর্বশেষ সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সব শর্ত পূরণ করে তিনি জীবননগর পৌরসভা থেকে সার ডিলারের আবেদন করেন। জীবননগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আমার ব্যবসার অভিজ্ঞতা, গোডাউন সহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্টি প্রকাশ করেন। সেখানে সকল বৈধ কাগজপত্র সংযুক্ত করি। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা ও জীবননগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত পত্র এবং মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনাও সংযুক্ত আছে। আমাকে বাদ দিয়ে যাকে সার ডিলারের নিয়োগ দেওয়া হয়েছে তার গোডাউনের নিকটবর্তী আরও দুটি বিসিআইসি সার ডিলারের গোডাউন রয়েছে।
সব ধরনের যোগ্যতা, নিয়োগপত্রের সকল শর্তপূরণ ও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সম্পূর্ণ বেআইনীভাবে অন্য জনকে সার ডিলারের নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পরিশেষে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা পূর্বক পুনরায় তদন্ত করে জীবননগর পৌরসভায় সার ডিলারের নিয়োগ চুক্তি করার জন্য দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী।
জীবননগর পৌরসভায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনরায় তদন্ত করতে জেলা প্রশাসকের নিকট আবেদন



