জীবননগরের যদুপুর গ্রামে মাদ্রাসার নামে সরকারী বরাদ্দ নিয়ে প্রশ্ন!

জীবননগর অফিস
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে মাদ্রাসার নামে সরকারি বরাদ্দ ও অনুদান নিয়ে প্রশ্ন উঠেছে। মাদ্রাসার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সহায়তা নিয়ে ব্যক্তিগত জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে ভবন নির্মাণে সরকারি বরাদ্দের অর্থ ব্যয় হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাদবপুর দারুল উলুম ইসলামিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহি বোর্ডিং নামে প্রতিষ্ঠানটি ২০২২ সালে প্রতিষ্ঠা করেন মাসুদুর রহমান। জেলা পরিষদ থেকে ২০২৪-২৫ অর্থবছরে মাদ্রাসাটির নামে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে জীবননগর উপজেলা পরিষদ থেকে এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদ্রাসাটিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চোখে পড়ে না এবং শিক্ষার্থীর উপস্থিতিও তেমন দেখা যায় না। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি ও কার্যক্রম সম্পর্কেও গ্রামের অনেকের স্পষ্ট ধারণা নেই বলে অভিযোগ তাঁদের। মাদ্রাসার নামে বরাদ্দ ও অনুদানের অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাসুদুর রহমান বলেন, তাঁর মাদ্রাসায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী রয়েছে। ভবন নির্মাণের কাজ চলায় গত তিন মাস ধরে শিক্ষার্থীরা ছুটিতে রয়েছে। মাদ্রাসাটিতে তিনি নিজেসহ দুজন শিক্ষক রয়েছেন। ভবনের নির্মাণ কাজ শেষ হলে ২০ থেকে ২৫ দিনের মধ্যে আবার ক্লাস শুরু হবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, “ব্যক্তি মালিকানাধীন মাদ্রাসায় সরকারি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।” তিনি জানান, সাধারণত জনপ্রতিনিধি বা স্থানীয় ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদান দেওয়া হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।