চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে এসে পৌঁছেছে ভারত থেকে আসা ১৮ টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ

দর্শনা অফিস

চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে এসে পৌঁছেছে ভারত থেকে নিয়ে আসা ১৮ টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ। আজ শুক্রবার বেলা ৩ টার দিকে ভারতের গেদে চেকপোস্ট দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে কোচগুলো এসে পৌছায় ।

দর্শনায় কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। বাংলাদেশ রেলওয়ে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে প্রথম চালানে এসব কোচ এসেছে ।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে কোচগুলো পাঠানো হয়। সেগুলো ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন ও গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার বেলা ৩ টার দিকে দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দর্শনায় কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় কোচগুলো সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কারখানার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

স্থানীয় রেলওয়ে সুত্রে জানা গেছে, ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এসব ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সংগ্রহ করছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত সর্বমোট ২০০টি ব্রডগেজ রেল কোচ সরবরাহের এই চুক্তির অধীনে প্রথম চালানে চার ধরনের মোট ১৮টি কোচ এসেছে । এর মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, ৩টি এসি চেয়ার কোচ, ২টি এসি স্লিপার কোচ ও ২টি এসি পাওয়ার কার। বিশেষ নিরাপত্তা ও বহুমুখী ব্যবহারের কথা মাথায় রেখে এই পাওয়ার কারগুলোর মধ্যে গার্ডদের জন্য পৃথক কামরা এবং সাধারণ যাত্রীদের মালামাল বা লাগেজ বহনের জন্য নির্দিষ্ট স্থানের সুব্যবস্থা রাখা হয়েছে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দর্শনার স্থলবন্দর দিয়ে আজ বেলা পৌনে ৩ টার দিকে ১৮টি ব্রডগেজ রেল কোচ বাংলাদেশের প্রবেশ করেছে। এই নতুন ১৮টি কোচ বাংলাদেশে আসায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের রেলওয়ে যাত্রীসেবা বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।