আলমডাঙ্গায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রেষ্ঠ স্টাফ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অক্টোবর ২০২৬ মাসের নির্বাচিত কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে দক্ষতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবায় আরও আন্তরিক হওয়ার অনুপ্রেরণা জোগানো হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সরকারি দপ্তরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের কর্মীর দায়িত্বশীল ভূমিকা জনসেবার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ভালো কাজের স্বীকৃতি কর্মীদের আরও উৎসাহিত করে এবং অন্যদেরও অনুকরণীয় কাজ করতে অনুপ্রাণিত করে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অক্টোবর ২০২৬ মাসে সম্মাননাপ্রাপ্তরা হলেন— শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা: কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিসের মোহাম্মদ মিনারুল ইসলাম। শ্রেষ্ঠ স্টাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারীকারক শৈলেন্দ্রনাথ। শ্রেষ্ঠ গ্রাম পুলিশ: খাসকররা ইউনিয়ন পরিষদের প্রদীপ কুমার দাস। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
শ্রেষ্ঠ উদ্যোক্তা: চিতলা ইউনিয়ন পরিষদের আক্তারুল হক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সরকারি সেবার মানোন্নয়ন, কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।