জীবননগর অফিস
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ছটাঙ্গাপাড়া মাঠে রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত মাল্টাগাছ ও কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৯৫টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মোঃ আব্বাস আলী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আব্বাস আলী জানান, মাধবখালী গ্রামের ছটাঙ্গাপাড়া মাঠে তাঁর ১৮ শতক জমিতে ৬০টি মাল্টাগাছ ও প্রায় ৩৫টি কলাগাছ ছিল। দীর্ঘদিন ধরে পরিচর্যা করে তিনি গাছগুলো বড় করেছেন। বাগানের মাল্টাগাছগুলোতে ফলও ধরেছিল। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গাছগুলো কেটে দেয়। সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। নিজের হাতে গড়ে তোলা ফলন্ত গাছগুলো এভাবে কেটে ফেলায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গাছগুলো থেকে ভবিষ্যতে ফল বিক্রি করে আয় করার আশা ছিল তাঁর। আব্বাস আলীর দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে কারা গাছগুলো কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্বাস আলী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর বাগানের গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জীবননগরে রাতের আঁধারে কৃষকের মাল্টা-কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ



