স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার দাবা, সাঁতার ও অ্যাথলেটিক্স টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। দিনব্যাপী অ্যাথলেটিক্সের ২৫টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামে। এবারের প্রতিযোগিতায় জেলার বিভিন্ন ক্লাব, ক্রীড়া প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৪০০ শতাধিক ক্রীড়াবিদ অংশ নেন।
সকাল ৯ টায় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়া শপথের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হাজির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক হিমেল রানা ও জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মিলন বিশ্বাসসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। উদ্বোধনী পর্বের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ্জামান ও বিশেষ অতিথিবৃন্দ যৌথভাবে লৌহ গোলক নিক্ষেপ করে এই বৃহৎ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বি. এম. তারিক-উজ্জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার জোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাকে কাজে লাগিয়ে আমাদের বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে এবং চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।”
উদ্বোধনের পর শুরু হয় দিনব্যাপী ৪টি ক্যাটাগরিতে ২৫টি ইভেন্টের মূল প্রতিযোগিতা। সাঁতার, দাবা, ট্র্যাক ও ফিল্ডের বিভিন্ন ইভেন্ট।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার দাবা, সাঁতার ও অ্যাথলেটিক্স টুর্নামেন্টের পুরস্কার বিতরণ



