জীবননগর অফিস
জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাদক কারবারি যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করতে পারবে না। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, থানার ওসি সোলায়মান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও সাংবাদিকেরা।
সভায় দুর্গাপূজার নিরাপত্তা, মাদক ও চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, মানবপাচার এবং অনলাইন জুয়া প্রতিরোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির সভা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ



