জীবননগরে  সরকারি ৩ শত বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

তারিকুর রহমান, জীবননগর
জীবননগর উপজেলায় একদিনের ব্যবধানে আবারও অবৈধ ভাবে মজুত করে রাখা ও পাচারের প্রস্তুতিকালে ৩ শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করেছেন জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় উপজেলার হাসাদহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল খালেককে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসাদহ বাজারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হাসাদাহ বাজারের মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেকের দোকান থেকে ভর্তুকির সরকারি সার অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছে। খবর পেয়ে শনিবার সকালে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে তৌফিক ট্রেডার্সের চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩ শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী আব্দুল খালেককে আটক করে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি গোডাউন থেকে ৩ শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, জীবননগর বাজার থেকে শ্রুক্রবার ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়। জীবননগর বাজারের মেসার্স সান্ত্বনা ট্রেডার্স থেকে অবৈধ ভাবে মজুত করে রাখা এ সার উপজেলা প্রশাসন জব্দ করেন। একদিনের ব্যবধানে জীবননগর উপজেলার পৃথক দুটি স্থানে বিপুল পরিমাণ ভর্তুকির সরকারি সার জব্দের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি সার বিতরণ ও বাজারজাতকরণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে সারগুলো কীভাবে ব্যবসায়ীদের গুদামে পৌঁছেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।