জীবননগর অফিস
গ্রামীণ বাংলার লোকসংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে জীবননগরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। শনিবার দুপুরে জীবননগর পশু হাসপাতালের সামনের খোলা মাঠে এ খেলার আয়োজন করা হয়।
স্থানীয় ঐতিহ্যবাহী লাঠিয়াল বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় দলনেতা ও বীর লাঠিয়াল রওশনের নেতৃত্বে অংশ নেন লাঠিয়াল জালাল, শাহাজান, কাগু ও আলম। খেলা শুরু হতেই লাঠির রোমাঞ্চকর ঝনঝনানি, ঢোলের তালে তালে লাঠিয়ালদের বীরত্বপূর্ণ হুঙ্কার ও কাঁসার শব্দে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিলুপ্তপ্রায় এই গ্রামীণ খেলা দেখতে দুপুরের পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভিড় জমায়।
লাঠিয়ালদের চমৎকার আক্রমণ, দ্রুত কৌশল পরিবর্তন ও নিখুঁত আত্মরক্ষার কসরত দেখে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। পুরো মাঠজুড়ে মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।
দর্শনার্থীরা জানান, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। জীবননগরে এমন আয়োজন দেখতে পেরে তারা আনন্দিত।
আয়োজকরা জানান, কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা বাঙালির লোকজ সংস্কৃতির অন্যতম এই ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
জীবননগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত



