বেলগাছি নব দিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩-০ জয়লাভ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত বেলগাছি নব দিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফুটবল শৈলীর চমক সৃষ্টি করে ম্যাচে মোহামেডানের খেলোয়াড়রা  খাসকররা দুরন্ত একাদশকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
গতকাল বুধবার নব দিগন্ত সংঘ ফুটবল মাঠে খেলার শুরু থেকেই চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধেই প্রতিপক্ষের সীমানায় পেনাল্টি লাভ করে  দারুণ এক গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে ফিরে এসে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মোহামেডান। একের পর এক  মূর্হুর মূর্হুর  আক্রমণের মুখে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে পড়ে। দলের পক্ষে জয়সূচক গোল তিনটি করেন যথাক্রমে সিয়াম, মিরাজ ও ইব্রাহিম। অন্যদিকে দুরন্ত একাদশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও মোহামেডানের শক্ত রক্ষণব্যূহ ভেদ করে গোল করতে ব্যর্থ হয়।
খেলা চলাকালীন মাঠে উপস্থিত থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের  ম্যানেজারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহরিন হক মালিক ও কোচের দায়িত্ব পালন করেন সাবেক কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরু । এছাড়াও খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, কোষাধ্যক্ষ আশাবুল হক আশা, কার্যনির্বাহী সদস্য ফারুক হাসান মালিক, শফিকুল ইসলাম লিটন, জুয়েল মাহমুদ ও সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি।
টুর্নামেন্টের এই আকর্ষণীয় ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি ও বেলগাছি নব দিগন্ত সংঘের সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশ্র, নব দিগন্ত সংঘের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজ, আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সাবেক ফুটবলার মিলন বিশ্বাস, মহান বিশ্বাস, সোহেল রানা, সানজিৎ মুন্না, হাফেজ সরোয়ার ও হাজী আব্দুল ওয়াহেদ প্রমুখ।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিটি ম্যাচে প্রতিদিনকার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।